নোয়াখালীতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামের মৃত আক্কাছ মিয়ার ছেলে হারুনুর রশিদ কাজল (৫৮) এবং একই উপজেলার ছয়ানি ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে ইকবাল হোসেন (৪২)।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় জেলার মাইজদী হাউজিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার কাজল ও ইকবাল দুজনেই মাদক ব্যবসায়ী। এরা জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করতেন।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।