নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধের লক্ষ্যে কম্বিং অপারেশন চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নরসিংদী জেলার মধ্যে রায়পুরা উপজেলা সবচেয়ে বড় সমস্যা। এখানে সন্ত্রাসীর আড্ডা বেশি হওয়ায় হাতিয়ারও বেশি। তিনি জানান, যত তাড়াতাড়ি সম্ভব কম্বিং অপারেশন পরিচালনা করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
এ সময় তিনি পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন। এছাড়া তিনি পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, পুলিশের রান্না ঘর, খাবারের মান, খেলার মাঠ, পুকুর ও পুলিশের প্রশিক্ষণসহ পুলিশ লাইনের বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।










