সড়কের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ রেলওয়ের নয় বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সম্প্রতি চট্টগ্রামের মীরসরাইয়ে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ১১ জন মাইক্রোবাসযাত্রী নিহত হওয়ার ঘটনার দায় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রেল (ট্রেন) তো চলে সোজা। কারো সঙ্গে ধাক্কা লাগার কথা নয়। তারপরও কেউ যদি রেলের লাইনের ওপর এসে পড়ে, তাহলে তার দায় কেন রেল কর্তৃপক্ষকে নিতে হবে?

আজ মঙ্গলবার দুপুরে মাগুরা সদরের রামনগর এলাকায় মাগুরা রেলস্টেশনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী এসব কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, সড়কের নিরাপত্তার দায়িত্ব রেলের না। সড়ক বিভাগকেই দায়িত্ব পালন করতে হবে। রেল তার নিজস্ব লাইন ধরে চলে, তাই অন্য যানবাহনের সঙ্গে দুর্ঘটনা হলে রেল তার দায় নেবে না। 

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু প্রমুখ। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে রেললাইনের বাস্তবায়ন দাবি করেন।