রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫৫১ কোটি ১৪ লাখ ৫০ টাকার বাজেট পাস হয়েছে। এতে গবেষণায় বরাদ্দ দেয়া হয়েছে ১৫ কোটি ৩ লাখ টাকা, যা মোট বাজেটের ২ দশমিক ৮ শতাংশ। আর বেতন-ভাতা ও পেনশনে সর্বোচ্চ ৪২২ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা মোট বাজেটের ৭৬ দশমিক ৫ শতাংশ। এরই মধ্যে বাজেট সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, নতুন অর্থবছরে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৫ কোটি ৩ লাখ টাকা। এছাড়া মূলধন খাতে ১৬ কোটি ৬ লাখ, পণ্য ও সেবা (সাধারণ) খাতে ৭৬ কোটি ৪১ লাখ ৫০ হাজার, পণ্য ও সেবা মেরামত ও সংরক্ষণ ১৬ কোটি ৫০ লাখ, বেতন ও ভাতা ৩০৪ কোটি ৯৭ লাখ এবং পেনশন বাবদ ১১৮ কোটি ব্যয় করা হবে।

বাজেট বিশ্লেষণে দেখা গেছে, গত অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৫৬৪ কোটি ৩৪ লাখ টাকা। সে হিসাবে নতুন অর্থবছরের বাজেটে কমেছে প্রায় ১৩ কোটি টাকা। গবেষণা খাতে আগের বছরের তুলনায় ১ কোটি টাকা টাকা বেড়েছে। এছাড়া খাতগুলোয় ব্যয়ের পরিমাণে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার জানান, এবারের বাজেটে উল্লেখযোগ্য কিছু বিষয় রয়েছে। যেমন শিক্ষার্থীদের জন্য গবেষণাগার সরঞ্জাম খাতে গুরুত্ব দেয়া হয়েছে; কোনো কোনো ক্ষেত্রে বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে। খেলাধুলা ব্যয় ও ক্রীড়া উপকরণ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

শিক্ষার্থীদের ইন্টার্নশিপ এবং বর্ধিত হারে মেধাবৃত্তির বিষয়টি বাজেটে বিবেচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ওয়াটার ট্রিটমেন্ট, বিশ্ববিদ্যালয়ের সাতটি সড়ক মেরামত ও শিক্ষার্থীদের জন্য দুটি বড় বাস বাবদ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ধরা হয়েছে।