মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে দ্বিতীয় দিনের কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’ এসে পৌঁছে পাটুরিয়া ঘাটে। তবে এখন পর্যন্ত উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ এসে পৌঁছেনি। এ কারণে শুরু করা যায়নি ফেরি উদ্ধারের মূল কাজ।

এর আগে সকাল ১০টায় নৌবাহিনী ডুবুরি দল ডুবে যাওয়া ফেরির আশপাশে নিমজ্জিত ট্রাকের অনুসন্ধান চালায়।

এরই মধ্যে একটি ট্রাকের সন্ধান পেয়েছেন বলে জানান নৌবাহিনী ডুবুরি দলের প্রধান শাহ পরান ইমন। তিনি জানিয়েছেন, তাদের ডুবুরি দল ভাটির দিকেও খুঁজে দেখছেন। বাকি যে সাতটি ট্রাক আছে সেগুলোর সন্ধান চালাচ্ছেন তারা।

বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক শাহ জাহান জানান, ‘প্রত্যয়’ এলে ডুবন্ত ফেরিটি উদ্ধারের কাজ শুরু হবে। এর আগে ডুবে থাকা ট্রাকের অনুসন্ধান ও উঠানোর কাজ করবে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও বিআইডব্লিউটিএ দল। আর এ কাজে সহায়তা করবে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম।