নেত্রকোনার বারহাট্টায় স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বখাটে কাউছার মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বেলা ৩টার দিকে তাকে উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামের একটি জঙ্গল থেকে আটক করে পুলিশ।
আটকের কথা জানাতে বিকাল ৪টায় প্রেস ব্রিফিং করে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর পুলিশ তৎপর ছিল। পুলিশের একাধিক টিম কাজ করছিল মাঠে। গতকাল বেলা ৩টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একই গ্রামের একটি জঙ্গল থেকে কাউছারকে আটক করে জেলা পুলিশের সম্মিলিত একটি দল।
এর আগে দুপুরে বারহাট্টাসহ নারী প্রগতি সংঘসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে কাউছারের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নিহত মুক্তি রানী বর্মণ (১৬) উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল বর্মণের মেয়ে, সে প্রেমনগর ছালিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল। মঙ্গলবার একই গ্রামের শামছু মিয়ার ছেলে কাউছার মিয়া (১৯) বেলা ২টার দিকে মুক্তিকে কুপিয়ে জখম করে।










