ফরিদপুরের ভাঙ্গায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য। শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত হয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ও কনস্টেবল নাসির হোসেন। এছাড়া আহত হয়েছেন কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন ও মিথোয়াইচিং মারমা। তবে আহত অটোরিকশাচালকের নাম জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম বলেন, দুই পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেয়ার জন্য ভোরে ভাঙ্গা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ফরিদপুরের মধুখালীর উদ্দেশে রওনা হন পুলিশের পাঁচ সদস্য। পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।