কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার ভন্দুরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভন্দুরচর গ্রামের মৃত গোলাম শহিদের ছেলে বুলু মিয়া (৬০) ও ফুলবাবু (৪৭), এবং একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪৫)। তারা তিনজনই একই পক্ষের বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ভন্দুরচর এলাকায় শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই জমি নিয়ে আদালতে একাধিক মামলাও রয়েছে। বৃহস্পতিবার দুপুরে শাহাজাহান মিয়ার লোকজন ওই জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার পক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন অন্তত ২০ জন। তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।










