লক্ষ্মীপুরে খামারে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোনো এক সময় সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল সকালে পানিতে মাছগুলো মরে ভেসে উঠতে দেখা যায়। শত্রুতা করে কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত মত্স্যচাষী মো. নুরুজ্জামানের।
ভুক্তভোগী নুরুজ্জামানের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর ধরে বাড়ির পাশেই তিনটি জলাশয়ে তিনি মাছ চাষ করে আসছেন। প্রায় এক মাস আগে দুটি খামারের মাছ একটিতে এনে চাষ করছিলেন। শুক্রবার বিকালেও সব স্বাভাবিক ছিল। গতকাল সকালে খামারের পাশে গিয়ে দেখা যায় মাছগুলো মরে ভেসে উঠেছে। প্রতিহিংসা থেকে কেউ খামারে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে বলে তিনি দাবি করেন। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে তার।
নুরুজ্জামান বলেন, ‘আমার জলাশয়ে রুই, কাতল, মিরর কার্প ও তেলাপিয়া মাছ চাষ করেছি। দেড়-দুই মাস পর মাছগুলো বাজারজাত করতে পারতাম। কিন্তু দুর্বৃত্তরা বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে। আমি এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।’
সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’










