নড়াইলে একটি হত্যা মামলায় বড় ভাইকে মৃত্যুদণ্ড ও ছোট ভাইকে
যাবজ্জীবন কারাদণ্ড এবং উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সকালে এ রায় ঘোষণা করেন নড়াইল জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন যশোর জেলার অভয়নগর থানার সোনা মোল্যার বড় ছেলে বাছের আলী মোল্যা এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন ছোট ছেলে কামাল মোল্যা। রায় ঘোষণার সময় আসামিরা দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ২০১৯ সালের ২৬ জুন রাতে নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মো. বাবুল মোল্যার ছেলে রেজাউল মোল্যাকে (১৫) লাঠি ও পেরেক লাগানো বাঁশ দিয়ে পিটিয়ে জখম করে পালিয়ে যান আসামিরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরদিন ২৭ জুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরে ভিকটিম রেজাউলের বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় দুজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।










