নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ নয়জন দগ্ধ হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাইনাদী সিআইখোলা এলাকায় জাকির হোসেন খন্দকারের টিনশেড বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ইপিজেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া।

বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে হাসানের শরীরের ৪৪ শতাংশ, জান্নাতের ৪০, মুনতাহারের ৩৭, সালমার ৪৮, শিশু ইমামের ৩০, আরাফাতের ১৫, তিসার ৫৩, আসমার ৪৮ ও তানজিল ইসলামের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কজনক।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সিদ্ধিরগঞ্জে জাকির খন্দকারের টিনশেড বাড়ির দুটি রুম ভাড়া নিয়ে বসবাস করছিল দুটি পরিবার। রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে দগ্ধ হয় একই পরিবারের নয় সদস্য। আদমজী ইপিজেড ও কাঁচপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আগুন ধরে যায়।