রাজধানীর যাত্রাবাড়ী দনিয়ায় ভোট দিতে গিয়ে কেন্দ্রের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামের এক ভোটারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সকাল পৌনে ১০টার দিকে দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাই স্কুল ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মুগদার মানিকনগর এলাকার ৭৬/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি। তার ছেলে মোহাম্মদ ফারহান ইসরাক নিঝুম জানান, ভোট কেন্দ্রের পাঁচতলায় উঠার সময় আবু সাঈদ সরকার অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আবু সাঈদ সরকার হার্টের রোগী ছিলেন, আগেও দুইবার স্ট্রোক হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।