নারায়ণগঞ্জে নাশকতায় জড়িত থাকার অভিযোগে
গত ২৪ ঘণ্টায় আরো ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই দিন নতুন করে আরো ৩টি মামলা দায়ের
করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে, মোট মামলার সংখ্যা ২৭।
রোববার (২৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত
করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা।
পুলিশ জানায়, কোটা আন্দোলনের সুযোগ নিয়ে
দুর্বৃত্তরা চাষাঢ়া মোড়, ২নং রেলগেট, সদর থানা, ফতুল্লা থানার জালকুড়ি, ভূঁইগড়, সাইনবোর্ড,
সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল, চিটাগাং রোড ও ডাচ-বাংলা ব্যাংকের মোড়ে পুলিশের ওপর আক্রমণ,
সরকারি অফিস সার্ভিসের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে।
এছাড়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস
ও নারায়ণগঞ্জের পিবিআই অফিসেও তারা হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে বলে
জানায় পুলিশ। তারা বলছে, শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প, ২নং রেলগেট এলাকার পুলিশ বক্স,
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন, জেলা আওয়ামী লীগ অফিস ও শীতল পরিবহনের ২৬টি এসি
বাসসহ বিভিন্ন স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা জানান, গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেফতারসহ এ নিয়ে জেলায় মোট ৬১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় আরো ৩টি মামলা হয়েছে। এ নিয়ে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জেলায় মোট মামলা হলো ২৭টি।










