সুনামগঞ্জে বন্যার কারণে আটকে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১৯ জন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বাকী ২ জনের পরিচয় এখনও জানা যায়নি। এর আগে গত ১২ জুন বুধবার সুনামগঞ্জে ঘুরতে যায় ওই শিক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বণিক বার্তাকে জানান, আটকে পড়া শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা সুস্থ আছে। তাদের উদ্ধারে জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। খাবার-পানীয় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
জানা যায়, শিক্ষার্থীদের দল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পর পরই বন্যা পরিস্থিতির অবনতি শুরু হয়। এরপর তারা সুনামগঞ্জ জেলা শহরের পানসী রেস্টুরেন্টে এসে আশ্রয় নিয়েছে তারা। আটকে পড়া একজন শোয়াইব আহমেদ জানান, সবাই এখানে আটকে পড়েছি। হোটেলের নিচেও পানিতে ডুবে গিয়েছে। মহাসড়কগুলোও ডুবে যাওয়ার যান চলাচল বন্ধ। বিদ্যুৎ না থাকায় মোবাইলও বন্ধ । সবাই এসে এ হোটেলেই আশ্রয় নিয়েছে। কীভাবে উদ্ধার হবো জানিনা। সবাই আমাদের জন্য দোয়া করবেন।










