বরিশাল বিভাগের শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে ভোলার গ্যাস সংযোগের দাবি জানিয়েছে নাগরিক আন্দোলন। এ লক্ষ্যে গতকাল প্রতিনিধি সভা করেছে সংগঠনটি। সভায় জুলাই থেকে সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিক্ষোভ ও বছরের শেষে ভোলা অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী। বক্তব্য রাখেন নাগরিক আন্দোলন ভোলা জেলা শাখার আহ্বায়ক সিদ্দিকুর রহমান, বরিশাল জেলা শাখার আহ্বায়ক শাহ আজিজ খোকন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম প্রমুখ।

বক্তারা বলেন, ‘শিক্ষায় সম্পদে সমৃদ্ধ দক্ষিণাঞ্চল সরকারের অবহেলার কারণে এখন খানাভিত্তিক দারিদ্র্যে সারা দেশে প্রথম হয়েছে। ভোলা থেকে পাইপলাইন বসানোর জন্য সরকার অর্থ বরাদ্দ দিতে রাজি হচ্ছে না। অথচ ইন্ট্রাকোকে সিলিন্ডারে গ্যাস ভরে উচ্চমূল্যে বিক্রি করার অনুমতি দিচ্ছে, বেসরকারি এলএনজি আমদানিকারকদের ক্রমাগত ভর্তুকি দিচ্ছে। আবার বাপেক্স কূপ খননে সক্ষম হলেও রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমকে দরপত্র আহ্বান ছাড়াই চড়া দামে নতুন কূপ খননের দায়িত্ব দেয়া হচ্ছে। অথচ পাইপলাইন না বসালে এ গ্যাস উত্তোলন করলেও দেশী-বিদেশী লুটেরাদের মুনাফার কাজে লাগবে, জনগণ উপকৃত হবে না।’