টাঙ্গাইলের কালিহাতীতে দ্রুত গতির বাস চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন। আজ শুক্রবার সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া ১২ নং সেতুর নিকট এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাবলু পোদ্দার (৬৫) ও শাহজানপুর উপজেলার পোয়ালগাথা গ্রামের ইউনুস আলী (৫৫)। তারা জামালপুর থেকে ঘোড়া কিনে বগুড়ায় ফিরতেছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুরের একটি হাট থেকে ঘোড়া কিনে বাড়িতে ফিরতেছিলেন তারা।পথিমধ্যে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় ১২ নং সেতু অতিক্রম করার সময় ঢাকাগামী একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হয়। এ ঘটনা আহত দুই জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ওই যাত্রীবাহী বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।










