মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় ও একান্ত প্রচেষ্টায় দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। দেশ আজ মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ।’
তিনি বলেন, ‘দেশের মাছ বিদেশে রফতানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হচ্ছে। ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ব্যাপক গবেষণা করছে। এখন দেশে সারা বছর বড় ইলিশ পাওয়া যাচ্ছে।’
গতকাল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
ইলিশ আহরণকারী মৎস্যজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘মা-ইলিশ ও জাটকা ধরবেন না। এসব মাছই আগামী দিনের সম্পদ। একটি মা-ইলিশ একবারে ছয় লাখ মাছ দেয়। জাটকা নিধন বন্ধ থাকাকালে মৎস্যজীবীদের ভিজিএফ দেয়া হচ্ছে, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। জাটকা নিধন বন্ধ না করলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যারাই জাটকা নিধনের অবৈধ কাজে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে। তাদের মামলা ও জরিমানার মুখোমুখি হতে হবে।’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, নৌ-পুলিশের ডিআইজি মিজানুর রহমান, নৌবাহিনীর ক্যাপ্টেন এসএম এনামুল হাসান, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলার কঁচা নদীতে হুলারহাট নৌবন্দর (লঞ্চঘাট) থেকে বেকুটিয়ায় অবস্থিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’ পর্যন্ত ৩ কিলোমিটার নদীপথে দুই শতাধিক ট্রলারে মৎস্যজীবী ও সংশ্লিষ্টদের নিয়ে নৌ-শোভাযাত্রার আয়োজন করা হয়।










