উত্তরার মাইলস্টোনে যখন প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় তখন ক্লাস করছিলেন মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আরিফ রব্বানী। হঠাৎ বিকট শব্দ শোনার পর ক্লাসরুম থেকে বের হয়ে এসে দেখেন আগুন। ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে অনেকে।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, প্রাইমারি শিক্ষার্থীদের ভবন ও আমাদের ভবনের মাঝে দুটি ভবন আছে। ক্লাস চলাকালীন হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে সবাই দৌড়ে এসে দেখি আগুন জ্বলছে। বিমানে আগুন, সেই আগুন ভবনেও লাগে। আমি ভবনে যেতে পারিনি। ভবনের সামনে কয়েকজনকে ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকতে দেখি।
তিনি আরো বলেন, স্কুল ভবনটির সামনে একটি দোলনা আছে। সেখানে অভিভাবকেরা অপেক্ষা করেন। দুর্ঘটনার সময় সেখানে অনেক অভিভাবক ছিলেন। দুর্ঘটনায় অনেক অভিভাবক মারা যেতে পারে বলে তার ধারণা।
আরিফ রব্বানী বলেন, প্রথমদিকে সেখানে অনেকে ছিল। পরে ফায়ার সার্ভিস গিয়ে সবাইকে সরিয়ে দিয়ে উদ্ধার অভিযান শুরু করে।















