চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে ২৪০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র্যাব। গতকাল শনিবার রাতে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বাজার এলাকা থেকে মোটরসাইকেল চালক মাহাবুব মীর নয়ন (২৪) ও হাসিব হাওলাদারকে (২২) আটক করা হয়।
আজ রোববার ভোরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শনিবার রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের মোটরসাইকেলের তেলের ট্যাংক খুলে বিশেষ কায়দায় রাখা ফেনসিডিলের বোতলগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফেনসিডিল ব্যবসার কথা স্বীকার করেছে। পরে ফেনসিডিলসহ তাদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
র্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।










