রাজবাড়ী জেলার কালুখালীতে গান্ধীমারা এলাকায় একটি অটোরিকশায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে অটোরিকশা চালকের নাম ইমরান শেখ। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রিরচর এলাকার আব্দুল হাই শেখের ছেলে। এ ঘটনায় আহত আরেক যাত্রী সেলিম মল্লিককে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটি শনিবার সকালে রাজবাড়ী থেকে পাংশা যাচ্ছিলো। পথে কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকায় আসলে পিছন থেকে পণ্যবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে চালক নিচে পড়ে যান। এ দুর্ঘটনায় অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ মরদেহটিকে উদ্ধার করে। আর আহত ব্যাক্তিকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও ট্রাকের চালক ও সহকারী পালিয়েছে।