পাবনার আতাইকুলায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ শাহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। এ সময় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহূত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। গতকাল রাতে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর উচ্চবিদ্যালয় মাঠের মধ্যে এ অভিযান চালানো হয়।

আটক শাহিদুল পাবনার সদর উপজেলার শ্রীকোল গ্রামের মৃত আব্দুল মজিদ ওরফে মনুর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি র‍্যাবের।

র্যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক ও অস্ত্র-গুলি জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহিদুল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, গতকাল দুপুরে আটক শাহিদুলকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।