জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনার গ্রামে আয়েশা আক্তার (২২) নামে এক কলেজছাত্রীকে নিজ বাড়িতে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে নিজ ঘরে একা থাকায় এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, শুক্রবার নিহত কলেজছাত্রী আয়েশার ভাই-ভাবী বাড়িতে ছিলেন না। রাতে আয়েশা পাশের বাড়ির দুই কিশোরীকে ডেকে আনেন। একসঙ্গে টিভি দেখা শেষে দুই কিশোরীকে রেখে পাশের রুমে ঘুমাতে যান আয়েশা। সকালে ঘুম থেকে উঠে আয়েশার রুমের দরজা খোলা ও খাটে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে চিত্কার করে দুই কিশোরী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলার আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, জয়পুরহাট সরকারি ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।