জেলার শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান (৭০) গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পৌর এলাকার বাজার সড়কের বাড়িতে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে।

আহত হারুনুর রশিদ বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি আশঙ্কামুক্ত বলে জানান পরিবারের সদস্যরা।

তারা জানান, সকাল সোয়া ছয়টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক এ সভাপতির সঙ্গে তিনজন লোক দেখা করতে আসেন। কলিং বেলের শব্দ শুনে হারুনুর নিজেই দরজা খুলে দেন। এরপর তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওই সময় হারুনুর রশিদ পিঠে দুটি গুলি বিদ্ধ হয়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে রাজধানীতে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার।