ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নেয়া হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, সংস্কৃতি অনুষ্ঠান ও সাত দিনব্যাপী লোকজ মেলা ও সংস্কৃতি মেলার উদ্বোধন করা হয়েছে।

বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন ও ফেনী পৌরসভার আয়োজনে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল ৮টায় ফেনী সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়ায় শোভাযাত্রায় অংশ নেন জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

শোভাযাত্রাটি ফেনী শহরের মিজান রোড, শান্তি চত্বর, দোয়েল চত্বর প্রদর্শন শেষে ফেনী সরকারি প্রাইমারি ট্রেনিং কলেজের মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সাত দিনব্যাপী লোকজ ও সাংস্কৃতিক মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘দেশের প্রচলিত আইন ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রেখে যাতে করে আমরা বাংলা নববর্ষকে উদযাপন করি, সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। কোনো দুষ্কৃতিকারী অপ্রীতিকর ঘটনা যেন ঘটাতে না পারে সেদিকে সবাই আমরা সতর্ক দৃষ্টি রাখব। পুরনো সকল অসুন্দরকে পিছনে ফেলে আমরা এবার নতুন আলোকে নতুন ফেনী করতে সবাই এক সঙ্গে কাজ করব।’

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান৷ স্বাগত বক্তব্য রাখেন ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া ইসলাম, ফেনী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির আহমেদ মজুমদারসহ প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং ফেনী পৌরসভার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে বেলুন উড়িয়ে সাত দিনব্যাপী মেলার উদ্বোধন করেন অতিথিরা।

একই সময়ে ফেনী জেলা বিএনপির আয়োজনের পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা শেষে ফেনী শহরের টাংক রোডের ফেনী প্রেসক্লাব ভবনের প্রাঙ্গণে পান্তা ইলিশের আয়োজন করা হয়। এতে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম এ খালেক, আনোয়ার হোসেন পাটোয়ারীসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।