বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংস্কারের জন্মদাতা দল, সংস্কারের মধ্য দিয়েই এর জন্ম হয়েছে। তারেক রহমানের দেয়া ৩১ দফা কর্মসূচির মধ্যেই সব ধরনের সংস্কারের পরিকল্পনা রয়েছে।

আজ শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে প্রয়াত বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'কিছু মহল ইউটিউব ও অন্য সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে যে, বিএনপি সংস্কার মানে না। কিন্তু ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের পতনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করে সংস্কারের পথ দেখিয়েছিলেন'।

তিনি বলেন, 'হাসিনার পলায়নের পর দেশের মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছে। এখন ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করছে। তারা অর্থনীতি ও প্রশাসনে স্থিতি ফেরানোর চেষ্টা করছে'।

বিএনপি মহাসচিব বলেন, আমরা ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়েছি। খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দি, তারেক রহমান ১৮ বছর ধরে বিদেশে আছেন। তাদের এ ত্যাগ গণতন্ত্রের জন্য।

তিনি বলেন, নির্বাচনের রাস্তায় গাড়ি উঠে গেছে, এখন সেটি শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে। মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ঘরে ঘরে প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।

এ সময় মির্জা ফখরুল আরো বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, তারা যেন কোনোভাবেই ক্ষমতায় না আসে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।