সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে আসন সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে আসন রয়েছে ৬৫টি। ৩৫টি আসন বাড়িয়ে ১০০টি করা হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই ১০০ আসনে ভর্তি কার্যক্রম চলবে বলে জানিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী বণিক বার্তাকে বলেন, ‘সম্প্রতি এ-সংক্রান্ত চিঠি পেয়েছি। আসন সংখ্যা বাড়ানো সরকারের একটি ভালো উদ্যোগ। অন্যান্য স্থানের তুলনায় সিরাজগঞ্জে লেখাপড়ার খরচ তুলনামূলক অনেক কম। আসন সংখ্যা বাড়ানোয় এখানে আরো বেশি শিক্ষার্থীর কম খরচে চিকিৎসাবিজ্ঞানে পড়ার সুযোগ সৃষ্টি হলো।’

এদিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে আসান বাড়ানোয় আনন্দিত হয়েছেন অভিভাবকসহ সচেতন মানুষ। পাশাপাশি ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপনের দাবিও জানিয়েছেন তারা।

পৌর শহরের মাহমুদুল কবির বলেন, ‘আমার মেয়ে এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিবে। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার কেন্দ্র না থাকায় অনেক শিক্ষার্থীকে রাজশাহী বা ঢাকায় গিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। এতে ভোগান্তির পাশাপাশি বাড়তি সময় ও অর্থ খরচ করতে হবে। বাড়তি অর্থ খরচ করা অনেক অভিভাবকে পক্ষে অনেকটা কঠিন।’ এজন্য তিনি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপনের দাবি জানান।

তবে কেন্দ্র স্থাপনের বিষয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী বলেন, ‘কলেজ ক্যাম্পাসটি নিরিবিলি এবং প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো সবই রয়েছে। এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার কেন্দ্র অনুমোদনের জন্য গত বছরের ৩০ জানুয়ারি স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক বরাবর চিঠি লেখা হয়। তবে ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন হলে সিরাজগঞ্জ ও  পার্শ্ববর্তী জেলার অনেক শিক্ষার্থীর সুবিধা হবে। অন্যান্য কেন্দ্রের ওপর চাপও কমবে। আশা করছি পরীক্ষা কেন্দ্রের অনুমতিও আমরা পাব।’