সুনামগঞ্জের সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠিত নির্বাচনে ১৫টি ইউনিয়নে ভরাডুবি হয়েছে নৌকা প্রার্থীদের।
জানা গেছে, সদর উপজেলার ৯ ইউনিয়নের একটিতেও জয় পায়নি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। ইউনিয়গুলোর তিনটিতে স্বতন্ত্র, দুটিতে জাতীয় পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটিতে বাদবাকি তিনটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।
অপরদিকে, শান্তিগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের দুটিতে নৌকা, আওয়ামী বিদ্রোহীরা তিনটিতে এবং তিন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
গতকাল সকাল আটটায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। রাতে ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায়।
সদর উপজেলার ৯ ইউনিয়নে জয়ীরা হলেন- শহরতলী কুরবাননগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল বরকত, লক্ষণশ্রী ইউনিয়নে আব্দুল ওয়াদুদ, মোল্লাপাড়া ইউনিয়নে নুরুল হক, রঙ্গারচর ইউনিয়নে আব্দুল হাই, কাঠইর ইউনিয়নে মুফতি শামছুল ইসলাম, গৌরারং ইউনিয়নে সৌকত আলী, জাহাঙ্গীরনগর ইউনিয়নে রশিদ আহমদ, সুরমা ইউনিয়নে আমির হোসেন রেজা, মোহনপুর ইউনিয়নে মইন উল হক।
শান্তিগঞ্জ উপজেলা ৮ ইউনিয়নে জয়ীরা হলেন- জয়কলস ইউনিয়নে আব্দুল বাছিত সুজন, পাগলা ইউনিয়নে মাসুক মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জগলুল হায়দার, পূর্ব-বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রিয়াজুল ইসলাম, পশ্চিম-বীরগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান জায়গীদার খোকন, পাথারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম, শিমুলবাক ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী শাহিনুর রহমান শাহীন, দরগাপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ছুফি মিয়া।
সুনামগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শেষ হয় বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার। নির্বাচনে চেয়ারম্যান পদে ১০৬ জন, সাধারণ সদস্য পদে ৭৪২জন ও সংরক্ষিত সদস্য পদে ২২১ জন লড়েছেন।










