‘আমি ভাল আছি, চিন্তা কইরেন না, আম্মুকে বইলেন ভাল আছি’। সবশেষ এমন একটি বার্তা পাঠিয়ে বাবাকে পরিস্থিতি জানিয়েছিলেন ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা জাহাজের নাবিক ফয়সাল আহমেদ সেতু। এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে রাশিয়ার বোমা হামলার আগে সবশেষ গতকাল বুধবার বিকেল চারটার এই বার্তা পাঠান নাবিক ফয়সাল। এরপর থেকে ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই বলে আজ বৃহস্পতিবার জানিয়েছেন ফয়সালের বাবা ফারুক আহমেদ। 

তবে সবশেষ পাওয়া খবর অনুযায়ী, আটকে থাকা বাকি ২৮ নাবিককে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

ফয়সালের বাবা ফারুক আহমেদ জানান, বাংলাদেশ সময় গতকাল বুধবার রাত ৯টার দিকে রাশিয়ার গোলা পড়ে বিস্ফোরণ ঘটে। ঘটনায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। সেখানে আরো ২৮ জন নাবিক রয়েছেন। তিনি শুনেছেন, তার সন্তানসহ কয়েকজনের দেহে গোলার চোট লাগে। কিন্তু বিস্তারিত আর কিছু জানতে পারেননি।  

ছেলের সঙ্গে কথা বলতে না পেরে উৎকণ্ঠায় নাবিক ফয়সালের পরিবার। ফয়সালের বাবা জানান, বারবার তিনি ছেলের মোবাইলে বার্তা পাঠাচ্ছেন একটু কথা বলার জন্য। কিন্তু ঐ প্রান্ত থেকে কোনো সাড়া মিলছে না। 

ফয়সালের বাবা ফারুক আরো জানান, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) কার্যালয় থেকে তার সঙ্গে বারবার যোগাযোগ করা হচ্ছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সবাই বিষয়টি নিয়ে নানা উদ্যোগ নিচ্ছেন বলেও তাকে জানানো হয়েছে। সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফারুক আহমেদ।