পার্বত্য জেলা রাঙামাটিতে নতুন করে দুজন চিকিৎসকসহ পাঁচজনের শরীরে নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশের সবশেষ সংক্রমিত জেলাটিতে শিশু, চিকিৎসক, সেবিকাসহ ১০ জনের করোনা শনাক্ত হলো।

আজ বুধবার রাতে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনার ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বুধবার সন্ধ্যায় নতুন করে করোনা শনাক্ত নিশ্চিত হওয়া পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল গেল ৭ মে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র বলছে, জেলায় নতুন করে করোনা শনাক্ত হওয়াদের মধ্যে রাঙামাটি সদর উপজেলায় দুজন, রাজস্থলীতে একজন ও বিলাইছড়ির দুজন রয়েছে। সদরের শনাক্ত হওয়া দুজন চিকিৎসক; তাদের বয়স যথাক্রমে ৪২ ও ৩৯ বছর। রাজস্থলীর শনাক্ত ব্যক্তির বয়স ৩২ বছর, বিলাইছড়ির শনাক্তদের মধ্যে একজনের বয়স ২০ ও আরেকজনের বয়স ১৩ বছর।

এর আগে ৬ মে রাঙামাটি জেনারেল হাসপাতালে এক সেবিকা ও জেলা শহরের রিজার্ভবাজার এলাকার নয় মাসের এক শিশুসহ চারজনের দেহে প্রথম করোনা শনাক্ত হয়। গতকাল মঙ্গলবার (১২ মে) রাঙামাটি জেনারেল হাসপাতালের আরেক নার্সের করোনা শনাক্ত হয়। এর মধ্যে প্রথমে শনাক্ত হওয়া চারজনের দ্বিতীয় দফায় রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। অর্থাৎ তারা সুস্থ হয়ে গেছেন।