টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রিজ ভেঙে একটি বালুবোঝাই ট্রাক খালে পড়ে গিয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) মাঝরাতে উপজেলার দুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। রাতে টাঙ্গাইল থেকে দেলদুয়ারগামী ট্রাকটি ব্রিজের ওপর উঠলে ব্রিজের দক্ষিণ অংশের রেলিং ভেঙে পড়ে। দুর্ঘটনার ফলে দেলদুয়ারের সঙ্গে টাঙ্গাইল সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। তবে কয়েক কিলোমিটার ঘুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন এলাকা দিয়ে এই পথের যোগাযোগ চালু রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, এই নিয়ে ব্রিজটি চারবার ভেঙে পড়ল। এর আগে কাঠের সেতু থাকা অবস্থায় আরো দুইবার এটি ভেঙে পড়েছিল। বেইলি ব্রিজ হওয়ার পরও এটি দুইবার ভাঙল। সবশেষ ২০১৭ সালে একটি সারবোঝাই ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙে পড়ে।

এই মুহূর্তে ব্রিজটি মেরামতের পাশাপাশি নতুন একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। তারা বলছেন, গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেকেই নৌকায় করে খালটি পার হলেও দুর্ভোগে পড়তে হচ্ছে যানবাহন পারাপার নিয়ে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা বলেন, রাতে ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙে পড়ার ঘটনায় গুরুতর আহত একজনসহ চারজনকে উদ্ধার করা হয়েছে।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী জানান, রাতে ব্রিজটি ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের দুই পাশে লাল পতাকা টাঙানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা রোধে রাত থেকে গ্রাম পুলিশকে ডিউটিতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সড়ক বিভাগকে জানানো হয়েছে বলেও জানান তিনি। দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটি মেরামতের আশ্বাসও দেন এ কর্মকর্তা।

টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন বলেন, আজকেই ব্রিজটি খুলে ৭২ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপন করা হবে।