নিয়োগবিধি সংশোধন ও বেতন স্কেল উন্নীতকরণসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মুন্সিগঞ্জে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে তারা এ কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য সহকারীরা এই কর্মবিরতিতে অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা সভাপতি মো. ফরহাদ হোসেন, সদর উপজেলা সভাপতি আসমা আক্তার ও সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনসহ স্বাস্থ্য সহকারীরা।
তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে— নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান নির্ধারণ, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা দিয়ে বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, টাইম স্কেল ও উচ্চতর গ্রেডের সমন্বয় এবং স্নাতক স্কেলে স্বাস্থ্য সহকারীদের আত্মীকরণ।
বক্তারা বলেন, স্বাস্থ্য খাতে তাদের মাধ্যমে আন্তর্জাতিক অনেক অর্জন হয়েছে। কিন্তু সরকার শুধু আশ্বাস দিলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। তাই তারা দাবি আদায়ে আন্দোলনে বাধ্য হয়েছেন। তারা আরো বলেন, এর আগে কর্তৃপক্ষকে স্মারকলিপি ও আবেদন দিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে।
স্বাস্থ্য সহকারী কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন করা না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।
উল্লেখ্য, কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা দাবি বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।










