ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত অবস্থায় তিতাস কমিউটার ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। শান্টিং করার সময় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্রে জানান গেছে, তিতাস কমিউটার ট্রেনটি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিল। হঠাৎ জয়েন্ট ছুটে গিয়ে ট্রেনটির বগি বিচ্ছিন্ন হয়ে যায়।
তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের সুপারভাইজার মহিউদ্দিন সজিব বলেন, ‘ঢাকা থেকে আসা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে আবার ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ট্রেনটি ১ নম্বর লাইন থেকে ৪ নম্বর লাইনে যাওয়ার সময় শহরের রেলগেট এলাকায় ছ ও জ বগির মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে যায়। দুই বগির মাঝের যন্ত্রাংশে সমস্যা দেখা দেয়ায় এমন ঘটনা ঘটেছে। পরে ঠিক করা হয়।’
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌঁছায়। ঢাকায় যাওয়ার জন্য ট্রেনটি শান্টিং করার সময় দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। পরে মেরামত শেষে ট্রেনটি বেলা ২টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’










