জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুরের শিবচর উপজেলা কমিটির চার নেতা পদত্যাগ করেছেন। গতকাল বিকালে শিবচর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন। তারা হলেন যুগ্ম সমন্বয়কারী শাকিল খান, সদস্য মো. রিয়াজ রহমান, মহিউদ্দিন ও কাজী রফিক।

তারা বলেন, ‘আমরা শিবচর উপজেলার কর্মী হিসেবে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। দেশের কল্যাণ এবং একটি নতুন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এ সংগঠনে যোগ দিয়েছিলাম। পরবর্তী সময়ে এ কমিটি রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি নামে পরিচিতি লাভ করলে, আমরা স্বয়ংক্রিয়ভাবে দলে অন্তর্ভুক্ত হয়ে যাই। দুঃখজনকভাবে আমরা লক্ষ করছি যে শিবচর থানায় দল পরিচালনার দায়িত্ব কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের নেতৃত্বের মাধ্যমে শিবচরের ইতিবাচক পরিবর্তন বা টেকসই উন্নয়ন সম্ভব নয়।’

তারা বলেন, আমরা কোনো রাজনৈতিক পরিবার থেকে আসিনি। কোটা আন্দোলনসহ বিভিন্ন সময়ের গণ-আন্দোলনে ছাত্রসমাজের পাশে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। যদিও রাজনীতিতে আমাদের অভিজ্ঞতা সীমিত, তবু দেশপ্রেম ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা দলে যুক্ত হয়েছিলাম। কিন্তু দলের অভ্যন্তরীণ বাস্তবতা এবং পারিবারিক চাপে আমরা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও যোগাযোগ রক্ষার প্রয়োজনে পারিবারিক সম্পর্কে টানাপড়েনও সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে দীর্ঘ আত্মবিশ্লেষণ ও গভীর চিন্তাভাবনার পর আমরা স্বেচ্ছায় জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নই।