রাজধানীর পৃথক ঘটনায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) পৃথক ঘটনায় মিরপুর শাহ্ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে, আগারগাঁও রেডিও স্টেশনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে, সবুজবাগে ককটেল বিস্ফোরণ হয় ও ধানমন্ডিতে শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় আহত কেউ এখনো আসেনি। মোটরসাইকেলে হেলমেট পরে আসা অজ্ঞাত ব্যাক্তিরা এসব নাশকতা করেন বলে জানায় পুলিশ।

এর আগে, সকালে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনের সড়কে ও সীমানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়। দুজন হেলমেট পরে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটান। প্রায় একই সময়ে ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারের সামনে দুটি ও ৯/এ সড়কে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে এসে দুজন ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়েছেন। তাদের মাথায় হেলমেট ছিল। চেহারা বোঝা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্তের চেষ্টা চলছে। দুটি জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে এসে ককটেল ছোড়া হয়।