ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবারও (১৮ জুন) স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছেন মানুষ। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে এমনটাই দেখা গেছে।

যাত্রীদের সঙ্গে কথা বলে বাড়ি ফেরার একাধিক কারণ জানা গেছে। এর মধ্যে অনেকে ঢাকায় কোরবানি দিয়েছেন, তারা আজ মাংস নিয়ে বাড়ি যাচ্ছেন। এছাড়া ভিড় এড়াতে কিংবা জরুরি প্রয়োজনে যারা ঈদের দিন পর্যন্ত ঢাকায় ছিলেন তাদের অনেকেই স্বজনদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।

খুলনার বাসের জন্য অপেক্ষা করছিলেন আকলিমা আক্তার। তিনি বলেন, ‘ঢাকায় কোরবানি দিয়েছি। এখন মাংস নিয়ে বাড়ি যাচ্ছি।’

কথা হয় চট্টগ্রামের যাত্রী হিমালয়ের সঙ্গে। তিনি বলেন, ‘ঈদের দিন অফিস ছিল। তাই আজ বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। আজ মনে করেছি ভিড় কিছুটা কম হবে। কিন্তু ভিড় বেশিই মনে হচ্ছে।

বাস চালক ও সংশ্লিষ্টরা জানান, আগামীকাল থেকে ঢাকা ফেরত যাত্রীদের ভিড় শুরু হবে। আজ ঢাকায় যাত্রী এখনো তেমন ঢুকছে না। বিকাল থেকে কিছু যাত্রী নিয়ে ঢাকায় গাড়ি ঢুকতে পারে।