কুষ্টিয়ার মিরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো এক কিশোর। গতকাল বিকাল ৩টার দিকে উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন উপজেলার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৫) ও আমলা ইউনিয়নের মোহদীপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাকিল আহমেদ (১৮)। এ ঘটনায় নাঈম হোসেন (১৬) নামে আরো এক কিশোর আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকালে আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলছিল। হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে শাকিল, তরিকুল ও নাঈম আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জুবাইয়া ফারজানা জানান, তরিকুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শাকিলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শাকিলের মৃত্যু হয়েছে।