নির্বাচিত সরকার কোনো দিনই কারো দাবিতে
পদত্যাগ করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী
ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, নির্বাচিত সরকারের বিরুদ্ধে
এক দফা দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ এটি হাস্যকর। এটি বিএনপি এবং অন্যান্য বিরোধী দলসহ
যারা বলছে তাদের এটি দুঃস্বপ্নে পরিণত হবে। নির্বাচিত সরকার কোনো দিনই কারো দাবিতে
পদত্যাগ করবে না।
আজ শনিবার (১৫ জুলাই) সকালে টাঙ্গাইলে
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রশাসনের উদ্যোগে পরিবেশ রক্ষায় একদিনে একযোগে এক লাখ
গাছের চারা রোপন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী। কর্মসূচি উদ্বোধনের আগে
সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন
সহযোগিরা জানে সবকিছুই আমাদের সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের বাইরে কিছুই করার কোনো
সুযোগ নাই। তবে নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তাদের দাবি খুবই জোরালো। প্রধানমন্ত্রী
ভালো নির্বাচন করার আশ্বাস তাদের দিয়েছেন। সেটি বাংলাদেশে হবে। আমরা আগামী দিনের জাতিকে
বলতে চাই এ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে।’










