চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে উঠেছে রহমানিয়া গার্মেন্ট নামে একটি পোশাক কারখানা। সেখানে কাজ করছেন ২৫ জন নারী। বিনামূল্যে কাজ শিখে স্বাবলম্বী হয়েছেন এসব নারী। প্রায় ১২ বছর আগে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামে কারখানাটি প্রতিষ্ঠা করেন স্থানীয় যুবক মো. মিজানুর রহমান।

কারখানা সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে দুটি মেশিন দিয়ে ১ লাখ টাকা পুঁজিতে কারখানা চালু করেন জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের মিজানুর রহমান। ধীরে ধীরে ওই প্রতিষ্ঠানে বেকার নিম্নমধ্যবিত্ত নারীদের সেলাই শেখানো হয়। পরে চাকরি দেয়া হয়। বর্তমানে ওই প্রতিষ্ঠানে ২৫ নারী কাজ করছেন। ১২ বছর আগে ১ লাখ টাকা দিয়ে শুরু করা প্রতিষ্ঠানটির বর্তমান মূলধন দাঁড়িয়েছে ১৫ লাখ টাকা। স্থানীয়ভাবে প্রতিষ্ঠানটি মিনি গার্মেন্ট নামে পরিচিত।

জানতে চাইলে রহমানিয়া গার্মেন্টের উদ্যোক্তা মো. মিজানুর রহমান বলেন, ‘বেকার ও নিম্ন মধ্যবিত্ত নারীদের স্বাবলম্বী করতে প্রায় ১২ বছর আগে কারখানাটি প্রতিষ্ঠা করেছি। শুরুতে মাত্র দুটি মেশিন ছিল। ১ লাখ টাকা পুঁজি নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে কারখানায় ২৫ জন নারী কাজ করছেন। ১ লাখ টাকা থেকে এখন আমার পুঁজি দাঁড়িয়েছে ১৫ লাখ টাকা। প্রতি মাসে প্রায় ৫০ লাখ টাকা আয় হয়।’