বুস্টার ডোজ নিতে মানুষের আগ্রহ কম বলে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশে প্রথম ও দ্বিতীয় ডোজ ১৩ কোটি টিকা দিতে পারলেও বুস্টার ডোজ নিয়েছে মাত্র ৩ কোটি। বিনামূল্যে ভ্যাকসিনের দোকান খুলে বসেছি। কিন্তু ক্রেতা নেই। বুস্টার ডোজ নিতে মানুষের আগ্রহ কম। এটা খুবই দুঃখজনক। মানুষের আগ্রহ তৈরি করতে নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে।

আজ শনিবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জে অক্সিজেন কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা ব‌লেন।

মন্ত্রী আরো বলেন, ভ্যাকসিন নেয়ার কারণে দেশে করোনায় মৃত্যু শূন্যের কোঠায় নেমে এসেছিল। এখন আবার প্রতিদিনই দুই থেকে পাঁচজন কিংবা সাতজন করে মারা যাচ্ছে। মন্ত্রণালয় একটা সার্ভে করে দেখেছে, যারা ভ্যাকসিন নেয়নি এখন করোনায় তারাই মৃত্যুবরণ করছে। একটি মৃত্যুও আমাদের কাম্য নয়। এসময় মন্ত্রী সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান।

চিকিৎসা খাতকে আরেক ধাপ এগিয়ে নিতে দেশে দুটি লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। যার একটি হবে মানিকগঞ্জে আর অন্যটি স্থাপন করা হবে উত্তরবঙ্গে। 

তিনি বলেন, করোনাকালে চিকিৎসা খাতে অনেক অক্সিজেনের প্রয়োজন হয়েছিল। তখন দেশে অক্সিজেন কম থাকায় পাশের দেশ ভারত থেকে অক্সিজেন এনে বাংলাদেশে মানুষের চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে দেশে দেড় থেকে দুইশত টন অক্সিজেন উৎপাদন হচ্ছে। চিকিৎসা খাতকে আরেক ধাপ এগিয়ে নেয়ার লক্ষ্য দেশে দুইটি লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, জেলা প্রশাসক আবদুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, পরিচালক ডা. মো. আরশ্বাদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।