ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় পপুলার হসপিটাল নামে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় আমেনা খাতুন (৬৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এদিকে ওই হাসপাতালের কোনো ধরনের অনুমোদন নেই বলে জানা গেছে। এছাড়া রয়েছে বিভিন্ন অনিয়মের অভিযোগও।
জানা যায়, উপজেলার দক্ষিণ হবিরবাড়ী গ্রামের মৃত মোতালেবের স্ত্রী আমেনা খাতুনকে বুকের ব্যথা নিয়ে মাস্টারবাড়ী পপুলার হসপিটালে ভর্তি করা হয়। পরে রোগীকে ইসিজি করে হাসপাতালের ডাক্তার সৌরভ কুমার সাহার নির্দেশে এক নার্স ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গেই রোগী মারা যান। ঘটনার পর স্থানীয় লোকজন হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ডাক্তার সৌরভ কুমার সাহা হাসপাতাল ছেড়ে পালিয়ে যান।
হাসপাতালের মালিক নজরুল ইসলাম জানান, আমেনা খাতুনের ইসিজি করার পর দুটি ইনজেকশন দেয়া হলে আধা ঘণ্টা পর তিনি মারা যান। হাসপাতালের লাইসেন্স প্রক্রিয়াধীন।
ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগ না পাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










