রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী গ্রামে আগুন নিয়ে খেলতে গিয়ে দগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো মাঝবাড়ী গ্রামের বাবু বিশ্বাসের ছেলে উজায়ফা (৯) ও ইকরাম মিয়ার ছেলে হাসান (৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাবু বিশ্বাসের বাড়িতে চার শিশু খেলা করছিল। একপর্যায়ে দুই শিশু রান্নাঘরে খেলা করতে চলে যায়। এ সময় তারা গ্যাস লাইট দিয়ে রান্নাঘরে থাকা পাটকাঠিতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় লোকজন বাড়িতে ছিল না। আগুনে দুই শিশু দগ্ধ হয়। তাদের প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসাসেবা দেয়ার পর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যা ৭টার দিকে হাসান মারা যায়। অন্যদিকে হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুজাইফা মারা যায়।

কালুখালী থানার এসআই সুবোধ কুমার বর্মণ জানান, নিহত দুই শিশুর সুরতহাল রিপোর্ট শেষে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।