নরসিংদী জেলা কারাগারে সংঘটিত ঘটনায় জেলা
কারাগারের সকল কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) নরসিংদীর অতিরিক্ত
জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা
বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।
এর আগে ২৩ জুলাই নরসিংদী জেলা করাগারের জেল
সুপার আব্দুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে বরখাস্ত করা হয়। গত ২৯ জুলাই ৬৮ জন
করারক্ষীকে বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান।
কোটা আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই বিকেলে
নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। এতে জেলখানায়
থাকা ৯ জন জঙ্গি সদস্যসহ ৮২৬ জন কারাবন্দি পালিয়ে যান। এ সময় জেলখানার অস্ত্রাগার থেকে
লুট হয়েছে ৮৫টি আগ্নেয়াস্ত্র, ৮ হাজারের বেশি গুলি এবং প্রায় ১৮ লাখ টাকা। জেলখানাটিও
পুড়িয়ে দেয়া হয়।
এমন পরিস্থিতিতে পলায়নরত আসামিদের আত্মসর্মপণের আহ্বান জানিয়ে ২১ জুলাই রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার পর্যন্ত ১১ দিনে ৫৭৫ জন কারাবন্দি নরসিংদীর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। ৮৫টি লুট হওয়া অস্ত্রের মধ্যে ৪৯টিসহ ১ হাজার ৯১টি গুলি উদ্ধার হয়েছে।










