নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাস চালকের সহকারী নিহত এবং ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন। পাথর বোঝাই দাঁড়ানো ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।

আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ী আঞ্চলিক সড়কের সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত হেলপার সনয় (৩২) জেলার মদন উপজেলার চন্দ্রতলা গ্রামের মিছির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাথর বোঝাই ট্রাক আটগ্রাম এলাকায় কেন্দুয়া-আঠারবাড়ী আঞ্চলিক সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। ভোর সাড়ে ৬টার দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে চট্টগ্রামে থেকে মদনের উদ্দেশে ছেড়ে আসা হিরন এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ট্রাকটি ধাক্কা দেয়।  এতে বাসের একপাশ ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সহকারী সনয় ঘটনাস্থলেই নিহত হন।  স্থানীয়রা আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়।

কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ এ ঘটনায় একজন নিহতের তথ্য সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে এবং চালক পলাতক।