অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার। আগামীকাল বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠিত হবে।

তিনি সম্ভবত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রেস সচিব।

তিনি বলেন, ‘আগামীকাল শপথগ্রহণ আছে। নতুন উপদেষ্টা শপথ নেবেন। তিনি হলেন অধ্যাপক সি আর আবরার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার প্রচুর লেখালেখি আছে। আগামীকাল তিনি শপথ নেবেন। আমরা আশা করছি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেকদিন ধরে বলছিলেন যে তিনি একই সঙ্গে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পারছেন না। এজন্য অধ্যাপক সি আর আবরার আসছেন আমাদের সঙ্গে। তিনি সম্ভবত শিক্ষার দায়িত্ব নেবেন।’

সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক।