চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সাতয়ানি বাজারের হাওলাদার বাড়িসংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে স্থানীয় যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১০টি ঘোড়া অংশ নেয়। এতে স্থানীয় নান্নু সিকদারের ঘোড়া প্রথম হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন,
শত বছর ধরে চৈত্রসংক্রান্তির আগের দিন বিকালে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ
উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মেলা বসে। এ মেলায় গ্রামীণ পরিবেশের বিভিন্ন রকমের খাবার
ও হরেক রকমের খেলনার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
মেলা দেখতে দূর-দূরান্তের শত শত নারী-পুরুষ-শিশু
অংশ নেয়। হিন্দু- মুসলিম এক হয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে
আনন্দে মেতে ওঠে সবাই।
মেলার আয়োজক মনি শংকর হাওলাদার বলেন,
‘বর্তমান প্রজন্মকে অতীত ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্য প্রতি বছর এ ঘোড়দৌড়
ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। স্থানীয়রা এখানে এসে আনন্দ উপভোগ করে। প্রতি বছরই এ ধরনের আয়োজন করা হবে।’










