বান্দরবানের রুমা উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বম নারীসহ ছয়জন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার বগালেক এলাকায় ঢালু পাহাড়ি সড়কের বাঁকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ১৪ নারী পুরুষ আহত হয়েছেন। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও জনপ্রতিনিধিরা জানায়, গতকাল উপজেলার রোমাক্রিপ্রাংসা ইউনিয়নের একাধিক পাড়ার ভিজিডি উপকারভোগী নারীরা একটি ট্রাক গাড়িতে করে ভিজিডির টাকা উত্তোলন করতে রুমা উপজেলা সদরে আসছিলেন। ওই ট্রাকে পাড়াবাসী পুরুষরাও ছিল। পথে দুপুর ১টার দিকে বগালেক এলাকায় একটি ঢালু পাহাড়ি বাঁকে পৌঁছালে রুমার দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি গাড়ি ছিটকে রাস্তার বাইরে পড়ে যায়, অন্যটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে চার নারী নিহত হন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী ও এক পুরুষকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন। তিনি বণিক বার্তাকে বলেন, দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে পাঁচজন নারী। আহতদের ১০ জনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চার জন রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।