সাতক্ষীরার ভোমরায় চট্টগ্রামের এক ব্যবসায়ীকে আটক রেখে নির্যাতনের অভিযোগে করা মামলায় স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল সকালে সাতক্ষীরা সদর থানা মোড়সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে নির্যাতনের শিকার ব্যবসায়ী সাউদ সাদাত গতকাল সকালে মাকসুদ খাঁন ও তার ম্যানেজার মহসিন আলীসহ পাঁচজনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি মোহিদুল ইসলাম জানান, চট্টগ্রামের ব্যবসায়ী সাউদ সাদাতকে ১৩ দিন ধরে ভোমরায় ম্যানেজারের বাড়িতে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে মাকসুদ খানের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যায় সাউদ সাদাতকে উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ম্যানেজার মহসিন আলীকে। গতকাল সকালে সাউদ সাদাত সাতক্ষীরা সদর থানায় মাকসুদ খাঁন ও ম্যানেজার মহসিন আলী, কর্মচারী আকাশ হোসেন, রাকিব হোসেন ও আজিজুল ইসলাম টপিকে আসামি করে একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে মাকসুদ খাঁনকে গ্রেফতার করা হয়েছে।