যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেছেন, আন্তর্জাতিক পরিসরে যবিপ্রবির অর্জন এরই মধ্যে ঈর্ষণীয়। শিক্ষা ও গবেষণায় এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, যোগদানের পর থেকে শিক্ষার্থীদের নানা দাবি পূরণের পাশাপাশি একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে কাজ চলছে। এ বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষা ও গবেষণা কেন্দ্রে রূপান্তর করতে চাই। এজন্য ন্যাশনাল কনফারেন্স, সেমিনার ও কর্মশালার ধারা অব্যাহত থাকবে।

তিনি জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নতুন হল চালু, পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু, লিফট সমস্যা সমাধান, ডাইনিং আধুনিকীকরণ, রাস্তা সংস্কারসহ নানা উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। ভেটেরিনারি মেডিসিন অনুষদও সম্প্রতি বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের নিবন্ধন লাভ করেছে। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে যবিপ্রবিকে র‌্যাগিং ও রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বৃত্তি ও গবেষণা ফেলোশিপ বৃদ্ধি করা হয়েছে। সেন্টার ফর ট্রেইনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (সিটিএসডি), ইনোভেশন অ্যান্ড স্টার্টআপ সাপোর্ট সেল, আইকিউএসি ও অ্যাক্রেডিটেশন সাপোর্ট সেল চালু হয়েছে। যশোর শহরে সিটিএসডির শাখা খোলার পরিকল্পনাও রয়েছে।

বিশ্ববিদ্যালয়কে দ্রুত আবাসিক ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে নতুন ভূমি অধিগ্রহণ অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি। বলেন, এজন্য এরই মধ্যে ইউজিসিতে নতুন প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।

মতবিনিময় সভা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। সভায় স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।