ময়মনসিংহের ভালুকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই আফাজ উদ্দিন (৩৫) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আফাজ উদ্দিন উপজেলার চান্দাব গ্রামের আব্দুল আজিজের ছেলে। এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ভাশুর ও তার স্ত্রীকে আসামি করে মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চান্দাব গ্রামের আব্দুল আজিজের দুই ছেলে রমিজ উদ্দিন (৫০) ও আফাজ উদ্দিনের (৩৫) মাঝে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন নিহতের পিতা আব্দুল আজিজ বাড়ি থেকে গাছ বিক্রি করলে আফাজ উদ্দিন সেই গাছের লাকড়ি আনার জন্য যান। এ সময় বড় ভাই রমিজ উদ্দিন পেছন থেকে আফাজ উদ্দিনের দুই পায়ে দা দিয়ে কোপ দেন।