নরসিংদীতে খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সকালে সদর উপজেলার মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সকালে মাইকে ঘোষণার পর দুই দফায় এ সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিতরামপুরে আধিপত্য বিস্তার ও খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় নিয়ে স্থানীয় শহিদ মিয়া ও চান মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে গত সোমবার ও মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হন। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। গতকাল সকালে এলাকায় পুলিশ না থাকার সুযোগে মাইকে ঘোষণা দিয়ে ফের টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের কয়েকজন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিলেও গ্রেফতারের ভয়ে অনেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, জিতরামপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে দুলাল (৫০) ও রুবেল মিয়া, বাদল মিয়ার ছেলে খায়রুল (৩৭), মৃত শুক্কুর আলীর ছেলে খালেক মিয়া (৬০), খালেক মিয়ার ছেলে জাকির (৩০) ও মাইনউদ্দিনের ছেলে জাকির (৪৮)। এদের মধ্যে খায়রুলকে (৩৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়। বেশ কয়েকজন আহত হয়েছেন।










